বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : ডিমা হাসাও জেলার লাইসং সংরক্ষিত বনাঞ্চল-এ শনিবার এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর প্রচেষ্টার সময় পাহাড় থেকে পড়ে এক যুবক গুরুতরভাবে জখম হন।
সূত্রের খবর, মাহুর থেকে মণিপুরের তামেলং পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে চারলেন সড়ক নির্মাণের কাজ চলছে। ওই প্রকল্পের অংশ হিসেবে ঢাল ও ভূমিধস রোধে কাজ করছিল গ্রিপোল নামে একটি নির্মাণ সংস্থা। শনিবার বেলা প্রায় ১১টা নাগাদ ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে পাহাড়ে আগুন লাগে বলে অভিযোগ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে লাইসং ভিলেজ কাউন্সিলের অধীন সংরক্ষিত বনাঞ্চলে।
পরিস্থিতি সামাল দিতে নির্মাণ সংস্থার কর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুনের বিস্তার রুখতে জঙ্গল পরিষ্কার ও গাছ কাটার কাজ শুরু করেন। এই সময় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হন গাইছুটগাম গেংমাই নামে এক যুবক। তাঁকে তড়িঘড়ি হাফলং সরকারি হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে গুয়াহাটি পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই প্রশাসন, নির্মাণ সংস্থা ও স্থানীয়রা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি এবং বনাঞ্চলের বিস্তীর্ণ অংশে আগুন জ্বলতে দেখা গেছে।



