ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় ভারতমালা কাজ বন্ধ করলেন জমি মালিকরা সৈদপুরে

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : ক্ষতিপূরণের অর্থ না পাওয়ার অভিযোগে ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সড়কের কাজ বন্ধ করে দিলেন জমি মালিকরা। ঘটনাটি ঘটেছে সোনাই বিধানসভা কেন্দ্রের সৈদপুর দ্বিতীয় খণ্ড এলাকায়। রবিবার জমি মালিকরা একত্রিত হয়ে সৈদপুর দ্বিতীয় খণ্ড বাইপাসে ভারতমালা সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, জমি ও বসতবাড়ি অধিগ্রহণ করা হলেও এখন পর্যন্ত তারা কোনও ক্ষতিপূরণের অর্থ পাননি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও অর্থ প্রদান করা হয়নি বলে দাবি তাঁদের। এমনকি বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনও সদুত্তর না পাওয়ায় বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

এদিকে, সড়কের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাঙ্গিরখাড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। পরে সোনাই সার্কল কার্যালয় থেকে এলআরএ ফয়জুর আহমদ লস্কর ঘটনাস্থলে এসে জমি মালিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সার্কল আধিকারিকের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হবে এবং জমি মালিকদের প্রাপ্য ক্ষতিপূরণ দ্রুত প্রদান করা হবে।

প্রশাসনের আশ্বাসের পর আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেন জমি মালিকরা। তবে তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ না পেলে পুনরায় সড়কের কাজ বন্ধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *