ধলাইয়ে লরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, বাজেয়াপ্ত দু’টি নম্বর প্লেটও

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করেছে ধলাই পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই-লায়লাপুর সড়কের আর্যানপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এএস ০১ এনসি ৩৮৫৬ নম্বরযুক্ত লরিটিতে তল্লাশি চালানোর সময় গাড়ির ভেতরে তৈরি করা গোপন চেম্বার থেকে কালো পলিথিনে মোড়ানো ১১টি বড় প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লক্ষ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। অভিযানের সময় লরির ভেতর থেকে আরও দু’টি নম্বর প্লেট (এএস০১এনসি৭৪২৯) এবং দু’টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নম্বর প্লেট দুটি গাড়ির আসল নম্বর প্লেট হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পাচারকারীরা বড় লরির ভেতরে গোপন চেম্বার তৈরি করে মাদক পরিবহনের নতুন কৌশল ব্যবহার করছে এই উদ্ধার অভিযান সেই প্রবণতারই স্পষ্ট প্রমাণ বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রায়ই মাদকদ্রব্য উদ্ধার এবং পাচারকারীদের গ্রেপ্তারের ঘটনা সামনে আসছে। তবুও থেমে নেই অবৈধ মাদক বাণিজ্য। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পাচারকারীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে।
সচেতন মহলের মতে, উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে মাদকের চোরাচালান এবং মাদকাসক্তের সংখ্যা। অতিরিক্ত মাদক সেবনের ফলে বহু তরুণ অকালে মৃত্যুর মুখে পতিত হচ্ছে, ভেঙে পড়ছে পরিবার এবং সামাজিক কাঠামো। সমাজবিরোধী শক্তির মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পরিকল্পিতভাবে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বিশেষজ্ঞ ও সমাজসেবীদের মতে, মাদকের করালগ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি, নজরদারি জোরদার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই এই ভয়াবহ সমস্যার মোকাবিলা করা সম্ভব। অন্যথায় সমাজ থেকে মাদক নির্মূল করা কঠিন হয়ে পড়বে বলে মত সচেতন মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *