রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৬

Spread the news

১৪ ফেব্রুয়ারি : শনিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনাগিরি জেলা। জেলার চৌতুপ্পাল এলাকায় অবস্থিত ‘বৃন্দাবন ফার্মা’ নামক একটি রাসায়নিক কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় দুই নিরাপত্তা রক্ষীসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে যখন অধিকাংশ মানুষ ঘুমে মগ্ন, ঠিক তখনই বিকট শব্দে কেঁপে ওঠে চৌতুপ্পালের ওই শিল্পাঞ্চল। বৃন্দাবন ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের ভেতরে থাকা রিয়্যাক্টর আচমকা ফেটে যায়। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভূমিকম্পের আশঙ্কায় ঘর থেকে বেরিয়ে আসেন।

দুর্ঘটনার সময় কারখানার ভেতরে ১১ জন কর্মী কর্মরত ছিলেন। বিস্ফোরণের পরেই কারখানাজুড়ে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চৌতুপ্পালের ডিএসপি মধুসূদন রেড্ডি এবং দমকলের বিশাল বাহিনী। প্রায় ১০টি দমকলের ইঞ্জিন টানা ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দমকল কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, ল্যাবরেটরির রেডিয়েটর ফেটে যাওয়ার কারণেই এই বিপত্তি। তবে পুলিশ জানিয়েছে, প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *