বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : কাছাড় জেলার জিরিঘাট কলোনি এলাকায় ৩৭ নম্বর জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫.৫ ফুট এবং বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল একটি বাদামি রঙের প্যান্ট এবং কালো টি-শার্ট।
ঘটনার খবর পেয়ে লক্ষীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের উপর ইনকোয়েস্ট সম্পন্ন করা হয়। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতদেহ শনাক্তকরণের স্বার্থে ৭২ ঘণ্টার জন্য হাসপাতালের মর্গে সংরক্ষণ করার জন্য অনুরোধ জানানো হয়।



