কাটিগড়ার সীমান্তে আসছেন অমিত শাহ, জোরদার প্রস্তুতি

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, অবকাঠামো সশক্তিকরণ এবং সীমান্তবর্তী অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভারত সরকারের গৃহীত কর্মসূচি ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী ২১ ফেব্রুয়ারি কাটিগড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নাতানপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাতানপুরে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম-২’ এর উদ্বোধন করবেন। এ অনুষ্ঠান ঘিরে জোর প্রস্তুতি চলছে, তৈরি হচ্ছে অস্থায়ী  হেলিপেড। মোট দু’টি হেলিপেড হচ্ছে ওখানে। আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে কাঁটাতারের বেড়া থেকে নিদিষ্ট দূরত্বে হচ্ছে মঞ্চ, সভাস্থল। তাছাড়া কুশিয়ারকুল বাজার থেকে যে সড়ক সীমান্ত অবধি গেছে, তাও পুরো নতুনভাবে ঠিকঠাক করার কাজ জোরদারভাবে চলছে। ভোটের প্রাক্কালে এবং বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীর সফরকে সামনে রেখে সভার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক রায় সহ জেলা কমিশনার আয়ুষ গর্গ, সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতীম দাস এবং বিএসএফের শীর্ষ আধিকারিকরা। স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের জন্য হেলিপেড নির্মাণ, সভাস্থল তৈরি ইত্যাদির কাজ শুরু হয়ে গেছে। এদিন এসব কাজের অগ্রগতি সহ সব ধরনের প্রস্তুতি খতিয়ে দেখেন তারা। ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার ডেবিড কুমার বরা, কাটিগড়ার সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *