বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : সোনাইয়ের নগদীরগ্রাম ৪র্থ খণ্ড এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যারাতে কাবুগঞ্জ–কচুদরম পূর্ত সড়কে এ দুর্ঘটনাটি ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এএস ১১ ইউ ৫৬৬৬ নম্বরের একটি পালসার-১৮০ বাইকটি কচুদরমের দিক থেকে দ্রুতগতিতে কাবুগঞ্জের দিকে আসছিল। নগদীরগ্রাম ৪র্থ খণ্ডের শিমুলতলা এলাকায় একটি স্পিডব্রেকারের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাইকটি সড়কের পাশের খেতের জমিতে ছিটকে পড়ে এবং কয়েকবার উল্টে যায়।
দুর্ঘটনায় ধনেহরি ২য় খণ্ডের বাসিন্দা লালন হোসেন লস্কর এবং বদরুল হোসেন বড়ভূইয়া গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বদরুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক, অন্যদিকে, লালন হোসেন তুলনামূলক কম আঘাতপ্রাপ্ত হয়েছেন। দুর্ঘটনার সময় উভয়ের মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি হেফাজতে নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে।



