মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত, জেলা নির্বাচন অধিকারীসহ জেলার বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ। এই উপলক্ষে জেলা আয়ুক্ত জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধন, সংযোজন ও আপত্তি নিষ্পত্তির পর ভোটার তালিকাটি চূড়ান্ত করা হয়েছে। এর ফলে জেলার কোনও যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তির নাম তালিকাভুক্ত না থাকে, তা নিশ্চিত করা হয়েছে।
জেলা নির্বাচন অধিকারী তাঁর বক্তব্যে বলেন, চূড়ান্ত ভোটার তালিকা আগামী দিনে জেলার সকল নির্বাচনী প্রক্রিয়ার জন্য একটি নির্ভরযোগ্য ও ভিত্তিমূলক নথি হিসেবে ব্যবহৃত হবে। এই তালিকা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিগণ ভোটার তালিকা প্রকাশের এই প্রক্রিয়াকে স্বাগত জানান এবং প্রশাসনের এই উদ্যোগকে গণতন্ত্রের পক্ষে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে শ্রীভূমি জেলায় আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি আরও এক ধাপ অগ্রসর হলো বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।



