বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসমের ১৬ জন শ্রমিক। তবে পুলিশ সূত্রে জানা যায় ৮ জন মারা গেছেন। এ দিকে, মর্মান্তিক দুর্ঘটনায় কাছাড়ের কাটিগড়ার তিনজন প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। মৃত শ্রমিকরা হলেন দিলদার হোসেন (২৮), আনোয়ার হোসেন (২৫) ও ফারুক আহমেদ (২৯)। তাঁরা কাটিগড়ার বিহাড়া ৫ম খণ্ডের সরিষাকুড়ির বাসিন্দা।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার মেঘালয়ের তাছকুর ছুটাঙ্গা এলাকায় একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খননকাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে যান ১০ জন শ্রমিক, তাঁদের সকলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। ধসের কারণে উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।



