বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : কাছাড় পুলিশের ও আসাম রাইফেলসের যৌথ মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশের এবং আসাম রাইফেলসের জওয়ানরা লক্ষীপুর থানার অন্তর্গত টোলেংগ্রাম এলাকায় যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১.৮৮ কেজি ওজনের সন্দেহজনক হেরোইন উদ্ধার হয়েছে, যা ১৫৪টি সাবান কেসে ভরা ছিল। পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট।
এই অভিযানে একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম জাভিয়েন ভিফে। তিনি মণিপুরের জিরিবাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য বরাক নদীপথ ব্যবহার করে মণিপুর থেকে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এই ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য আনুমানিক ১৪ কোটি টাকা।



