মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, হত ১০ শ্রমিক

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসমের ১০ জন শ্রমিক। মেঘালয়ের তাছকুর ছুটাঙ্গা এলাকায় একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খননকাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে যান ১০ জন শ্রমিক, তাঁদের সকলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। ধসের কারণে উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

নিহত শ্রমিকরা সকলেই অসমের বাসিন্দা বলে সূত্রের খবর। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে খনির ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *