বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলা কারাগার থেকে উদ্ধার করা হল ধারালো অস্ত্র সহ একাধিক সামগ্রী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শ্রীভূমি জেলা কারাগারে গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে শ্রীভূমি পুলিশ। সোমবার রাতের এই অভিযানে কারাগারের ভেতর থেকে মোট ২৯টি মোবাইল ফোনের পাশাপাশি একাধিক মোবাইল চার্জার, ধারালো অস্ত্র, হুক্কা, বিড়ি, সিগারেট, লাইটারসহ নানা ধরনের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শ্রীভূমি জেলা কারাগারে অসামাজিক ও বেআইনি কার্যকলাপ চলার অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই জেলা পুলিশ সুপার লীনা দোলের নেতৃত্বে পুলিশের একটি বড় দল সোমবার রাতে কারাগারে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় কারাগারের বিভিন্ন অংশ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হয়। এই ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুরো ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।



