ধলাই কেন্দ্রে রাস্তা নির্মাণের জন্য ডিসির সঙ্গে সাক্ষাৎ অমিয়কান্তির

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : ধলাইয়ে প্রস্তাবিত গ্রামীণ ও উন্নয়নমূলক রাস্তা নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা অমিয়কান্তি দাশ। মঙ্গলবার বিজেপি নেতা অমিয়কান্তি দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণে বনভূমি ব্যবহার এবং তার পরিবর্তে ক্ষতিপূরণমূলক বনায়নের জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণ নিয়ে চলমান প্রশাসনিক আলোচনার প্রেক্ষাপটে এই সাক্ষাৎ হয়েছে। অমিয়কান্তি দাশ জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান, যাতে নির্ধারিত সময়মতো উন্নয়ন কাজ শুরু হতে পারে।সাক্ষাতকালে তিনি বলেন, “রাস্তা নির্মাণ শুধু যোগাযোগের উন্নয়ন নয়, গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ সংরক্ষণ মেনে প্রশাসনিক সমন্বয়ে এগিয়ে নেওয়া জরুরি।”

জেলা কমিশনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত দাপ্তরিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন অমৃতলাল কুমার, অমাজিৎ চন্দ, প্রদীপ দাস এবং রাজেশ শুভ্র ভট্টাচার্য।

এ দিকে, দলীয় বিধায়ক-সাংসদ থাকা সত্বেও কমিশনারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দলের নেতা-কর্মীরা সাংসদ বিধায়ককে চাপ দিলে তাঁরা বিষয়টি জেলা কমিশনারের দৃষ্টিতে আনতেন, বিহিত ব্যবস্থা করতেন।  প্রতিনিধি দল তাঁদের কাছে না গিয়ে সরাসরি প্রশানের দ্বারস্থ হন। এর মানে কী ধলাইয়ে বিজেপিতে ফাটল সৃষ্টি হচ্ছে। না, বিধায়ক-সাংসদের ওপর আস্থা নেই এমন প্রশ্ন স্বাভাবিক ভাবেই জনমনে উঁকি মারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *