২ ফেব্রুয়ারি : সোমবার সকালে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-র দেওয়া তথ্য অনুসারে, ভোর ৫.৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়। সে সময় অধিকাংশ মানুষ ছিলেন ঘুমের মধ্যে। তবুও কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে সকলে বাইরে বেরিয়ে আসেন। সে সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।
অন্যদিকে, একই দিনে মৃদু ভূমিকম্প অনুভূত হয় আন্দামানে। তবে, আপাতত মেলেনি কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার সকালে আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৩.৩১ মিনিটে কম্পনটি অনুভূত হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এর কেন্দ্রস্থল ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে।
জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু কাশ্মীরের বুদগাম জেলা। মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯ ডিগ্রি উত্তর এবং ৭৪.৭৬ ডিগ্রি পূর্ব অক্ষাংশে ছিল এর উৎসস্থল। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিমি দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীনগর। এই সমস্ত অঞ্চল-সহ শোপিয়ান ও আশেপাশের অঞ্চলে কম্পন অনুভূত হয়।



