বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সোনাই হাসপাতাল রোডের বাসিন্দা তথা বিশিষ্ট সমাজকর্মী বক্তার হোসেন বড়লস্কর প্রয়াত হলেন। শনিবার সকাল ১০-৪০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৫ বছর। রাত আটটায় সোনাই ফুটবল মাঠে বড়লস্করের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
প্রয়াত বড়লস্কর ছিলেন প্রাক্তন জিপি সচিব। সুনামের সঙ্গে বিভিন্ন জিপিতে কাজ করে চাকরি জীবন থেকে অবসর নেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যে ও সম্মেলনের সোনাই আঞ্চলিকের প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি আজাদ লাইব্রেরি পরিবারের জৈষ্ঠপুত্র। মৃত্যুর সংবাদ পেয়ে বরাকবঙ্গের জেলা সমিতির প্রাক্তন সভাপতি তৈমুর রাজা চৌধুরী, সম্পাদক উত্তমকুমার সাহা ও কেন্দ্রীয় সমিতির সহ-সম্পাদক মিলন উদ্দিন লস্কর, সোনাই আঞ্চলিক সমিতির সভাপতি বদর উদ্দিন মজুমদার ও সম্পাদক বাহারুল ইসলাম লস্কর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ ছাড়াও বিভিন্ন মহলের ব্যক্তিরা বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান।
তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, ভাই-বোন সহ পরিজনদের। তিনি দুরারোগ্যে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।



