বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : কলিয়াবর অঞ্চলে হাতি তাড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বনরক্ষী। বন্যহস্তীর হামলায় নিহত বনরক্ষীর নাম দিলীপ কোঁওর। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের আবহ সৃষ্টি করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি কলিয়াবরের বনাঞ্চল ও আশপাশের গ্রামাঞ্চলে বন্যহস্তীর উৎপাত বেড়ে গিয়েছিল। কৃষিজমি ও বসতবাড়িতে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন বিভাগের একটি দল হাতি তাড়ানোর অভিযানে নামে। অভিযানের সময় হঠাৎই একটি বন্যহস্তী আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বনরক্ষী দিলীপ কোঁওরকে লক্ষ্য করে হামলা চালায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যহস্তীর গতিবিধি নিয়ন্ত্রণ এবং মানব-হাতি সংঘর্ষ রোধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।
দিলীপ কোঁওর ছিলেন একজন অভিজ্ঞ বনরক্ষী। তাঁর আকস্মিক মৃত্যুতে বন বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।




