হাইলাকান্দিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে বরাকবঙ্গের দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন, আসছেন লীনা গঙ্গোপাধ্যায়

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : আগামীকাল শুক্রবার থেকে তিনদিনব্যাপী ঠাঁসা কর্মসূচির মধ্য দিয়ে হাইলাকান্দিতে শুরু হচ্ছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৩১তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন। শুক্র, শনি ও রবিবার বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলার সর্দার বল্লভভাই প্যাটেল রোডে অবস্থিত রবীন্দ্রভবন ছাড়াও বঙ্গভবন, নজরুলসদন ও জেলা গ্রন্থাগারের সম্মুখস্থিত প্রাঙ্গণে। প্রস্তুতি প্রায় সম্পন্ন। অধিবেশনের উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার (পশ্চিমবঙ্গ) এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গল্পকার ও সাহিত্য সমালোচক, সঙ্গীতের বিচিত্র ধারার প্রাজ্ঞ ও প্রথিতযশা শিল্পীবৃন্দ (আসাম ও ত্রিপুরা)।

তিনদিনব্যাপী অনুষ্ঠান সূচি হল প্রথম দিন শুক্রবার সকাল ৭-৩০ টায় সাংস্কৃতিক শোভাযাত্রা। সূচনাস্থল বঙ্গ ভবন, হাইলাকান্দি, রবীন্দ্র সরোবরের প্রাঙ্গণ। (শহিদ স্মারক এবং শহরের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত মনীষীদের প্রতিমূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন)। এ দিন সকাল ১০টায় বঙ্গভবনের সামনে সম্মেলনের পতাকা উত্তোলন ও ভাষাশহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এরপর রবীন্দ্র ভবনে উদ্বোধনী অনুষ্ঠান।দুপুর ১২-০০টা থেকে শুরু হবে প্রতিনিধি সম্মেলন। দুপুর ১২-৩০ টায় হাইলাকান্দি নজরুল সদন সংলগ্ন এলাকায় প্রমোদচন্দ্র নাথ স্মৃতি মঞ্চে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রবীন্দ্র ভবনে ড. ভূপেন হাজরিকা স্মৃতি মঞ্চে সন্ধ্যা ৬ টায় সংস্কৃতি মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর হাইলাকান্দি নজরুল সদন প্রাঙ্গণে আনন্দলাল নাথ স্মৃতি মঞ্চ নামাঙ্কিত লোক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

অধিবেশনের দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় থাকছে আলোচনা চক্র। বিষয়: বাঙালির জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতি: বিকাশ, সঙ্কট ও সম্ভাবনা। রবীন্দ্র ভবনে সন্তোষকুমার মজুমদার স্মৃতিমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা চক্র। দুপুর ১২টায় আরেকটি আলোচনা চক্র রয়েছে। বিষয় হল ‘বরাক উপত্যকার কথা সাহিত্যের যাত্রাপথ: ষাটের দশক থেকে বর্তমান সময়’ মঞ্চ মিথিলেশ ভট্টাচার্য স্মৃতিতে নামাঙ্কিত করা হবে। এ দিনের শেষ আলোচনা চক্র বেলা ২টায় শুরু হবে। আলোচনার বিষয় থাকছে উত্তর-পূর্বের বাংলা সাহিত্য: বিষয় বৈচিত্র্য ও ভাষাশৈলী। বিজিৎ কুমার ভট্টাচার্য স্মৃতি মঞ্চে এই আলোচনা।

অধিবেশনের তৃতীয় অর্থাৎ শেষ দিন রবিবার সকাল ১০টায় কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। রবীন্দ্র ভবনে ব্রজেন্দ্র কুমার সিংহ স্মৃতি মঞ্চে আলোচনা হবে বহুভাষিক কবিতা: আলাপনে সেতুবন্ধন নিয়ে। একই সময়ে শিশু মেলা শুরু হবে। নজরুল সদন সম্মুখস্থিত প্রাঙ্গণ বন্দনা কর স্মৃতি মঞ্চে। দুপুর ২-৩০ টায় প্রকাশ্য সভা ও বরাক উপত্যকার বিশিষ্টজনদের সম্মাননা প্রদান। মঞ্চ উৎসর্গ করা হয়েছে ইমাদ উদ্দিন বুলবুল স্মৃতিতে। 

উল্লেখ্য, বাঙালি ও অন্যান্য ভাষিকগোষ্ঠীর নিজ নিজ ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তথা প্রসারে বিগত পঞ্চাশ বছর ধরে এই উপত্যকায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বরাকবঙ্গ। গৌরবোজ্জ্বল এই সম্মেলনের সুবর্ণজয়ন্তী বর্ষে ৩১তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন হাইলাকান্দি জেলায় এক অনন্য মাত্রা লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *