বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : বরাক উপত্যকায় এসআর অনেক পরিবারের সদস্যদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পরিচিত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও আপত্তি জানানোর অভিযোগ উঠেছে। এস আরের নামে হয়রানি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শরিফুজ্জামান লস্কর। রবিবার শিলচর ইলোরা হেরিটেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শরিফুজ্জামান লস্কর বলেন, তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে এস আরের আড়ালে আপত্তি জানানো হয়েছে। তাঁর দুই ভাই খালিকজ্জামান লস্কর খায়রুজ্জামান লস্কর, ভাতিজা আসাদুজ্জামান লস্কর ও ভাতিজি রাফিয়া কাওসার লস্কর সহ স্বয়ং তাঁর বিরুদ্ধে আপত্তি দায়ের করা হয়েছে। জয়দীপ দাস, ত্রিদীব ঘোষ নামের ব্যক্তি তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ৭ নং ফর্ম পূরণ করে অনুপস্থিতি থাকার আপত্তি জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত হবার জন্য জয়দীপ দাস, ত্রিদীব ঘোষকে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করেননি।
এছাড়া ভাতিজি রাফিয়া রাফিয়া কাওসার লস্করের মোবাইল ফোনে একটি ম্যাসেজ এসেছিল। পরে ওই নম্বরে ফোন করলে তামিলনাড়ুর জনৈক প্রজাপতির নম্বর পাওয়া যায়। তিনি বলেন, সাত নং ফর্মে আপত্তি জানিয়ে তাঁদের বিরুদ্ধে অনুপস্থিতির অভিযোগ করা হয়েছে। অথচ সুদীর্ঘ বছর ধরে ১১৮ নং শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে মধুরবন্দের ফাতিমা লস্কর এলপি স্কুলের ২নং কোঠায় তাঁরা ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কংগ্রেস নেতা সঞ্জীব রায় ও সীমান্ত ভট্টাচার্য।



