গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধিক সম্পত্তির অধিকার বিষয়ক বক্তৃতানুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : গুরুচরণ বিশ্ববিদ্যালয় শিলচর-এর উদ্যোগে বৌদ্ধিক সম্পত্তির অধিকার বিষয়ক এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বক্তৃতানুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার। বিশ্ববিদ্যালয়ের আইপিআর সেল-এর আয়োজনে এবং অসম বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ পরিষদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল “প্রযুক্তি হস্তান্তরে বৌদ্ধিক সম্পত্তি অধিকারের ভূমিকা”।

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হল-এ সকাল ১১ টা থেকে অনুষ্ঠিত এই বক্তৃতাষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট বিজ্ঞানী ড. মহুয়া হোমচৌধুরী। তিনি তাঁর বক্তব্যে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বৌদ্ধিক সম্পত্তি অধিকার সংরক্ষণের প্রয়োজনীয়তা, পেটেন্ট, কপিরাইট ও ট্রেডমার্ক সংক্রান্ত বিষয়গুলির উপর বিস্তারিত আলোচনা করেন। গবেষণালব্ধ প্রযুক্তির সফল হস্তান্তরে আইপিআরের কার্যকর ভূমিকা সম্পর্কেও তিনি বিশদ আলোচনা করেন। পাশাপাশি তিনি গবেষকদের উদ্ভাবনী কাজের আইনগত সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। উপস্থিত অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

এদিন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের আইপিআর সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বৌদ্ধিক সম্পত্তির অধিকারের গুরুত্বের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এই বক্তৃতানুষ্ঠান গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ এবং উদ্ভাবনমূলক কার্যক্রমে আইপিআর বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রায়। প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি পরিবেশিত হয় সরস্বতী বন্ধনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. দীপরাজ চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপিকা মনীষা গোস্বামী। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলতে বিভিন্নভাবে সহযোগিতা করেন অ্য়াকাডেমিক রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ, ড. জয়দীপ পাল, ড. সৌমিত্র নাথ, ড. মানবেন্দ্র নাথ, ড. দেবাশিস শর্মা ও নিরূপণ মালাকার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *