শিলকুড়ি মিঠাপানিতে এসবিআই-এর প্রশাসনিক ভবন ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : শিলকুড়ির মিঠাপানি অঞ্চলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-এর শিলচর শাখার প্রশাসনিক কার্যালয় এবং স্টেট ব্যাঙ্ক ইনস্টিটিউট অব লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এসবিল্ডি)-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। শনিবার অনুষ্ঠানিক ভাবে কাজের সূচনা করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও এসবিআই গুয়াহাটি সার্কলের মুখ্য জেনারেল ম্যানেজার প্রভাস বোস, ডিজিএম তথা এও অজিতকুমার পোদ্দার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্যে বলেন, “স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ভারত সরকারের একটি বিশ্বাসযোগ্য এবং গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক। এর প্রত্যেক শাখা দেশের সর্বত্র ছড়িয়ে রয়েছে এবং ভারতের অর্থনৈতিক উন্নয়নে এটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।” তিনি আরও যোগ করেন, “শিলকুড়ি মিঠাপানি অঞ্চলটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের এবং এখানকার বাসিন্দারা খাঁটি ও সাধারণ জীবনযাপনকারী। এই এসবিআই-এর প্রশাসনিক ভবন এখানে নির্মিত হলে এ অঞ্চলের মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আমি এ বিষয়ে অত্যন্ত আশাবাদী।”

গুয়াহাটি সার্কলের মুখ্য জেনারেল ম্যানেজার প্রভাস বোস বক্তব্যে বলেন, “দেশের সকলের অর্থনৈতিক উন্নতির প্রতি গুরুত্ব দিয়ে এসবিআই নিরন্তর কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নেও এই ব্যাঙ্ক সক্রিয়। প্রত্যেক শাখায় এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।” তিনি এই অঞ্চলের সকলের সাহায্য ও সহযোগিতার কামনা জানান। এই নতুন প্রশাসনিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের স্থাপন শিলকুড়ি-মিঠাপানি অঞ্চলের বাসিন্দাদের জন্য একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে এবং চাকরির সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, ব্যাঙ্ক কর্মকর্তা এবং সমাজসেবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *