বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : সোনাই–মতিনগর পূর্ত সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পথচারী। জানা গেছে, একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় সড়ক দিয়ে হেঁটে যাওয়া সোনাইর আমতলা গ্রামের বাসিন্দা আব্দুল খালিক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কচুদরম মডেল হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কচুদরম থানার এএসআই অপূর্ব বরা। উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি সোনাই ও কচুদরম থানার সীমান্তবর্তী এলাকায় হলেও তা সোনাই থানা এলাকার অন্তর্গত হওয়ায় সোনাই থানাকে অবহিত করা হয়। পরে সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি হেফাজতে নেয়।
এদিকে, আহত আব্দুল খালিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।



