ভারত মণ্ডপমত ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান, শিল্পী ঊষা মঙ্গেশকরকে প্রথম ‘ড. ভূপেন হাজরিকা জাতীয় পুরস্কার’ প্রদান
২৯ নভেম্বর : অসম তথা সমগ্র বিশ্বে ভারতীয় সংস্কৃতির উজ্জ্বল পরিচয় তুলে ধরা কিংবদন্তি শিল্পী, ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নয়াদিল্লির ভারত মণ্ডপমে। রবিবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-সহ দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভূপেন হাজরিকার জীবন, কর্ম ও সাংস্কৃতিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি দেশের সাফল্যে অসন্তুষ্ট থেকে অশান্তির মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের স্বপ্ন দেখা ব্যক্তিদের কটাক্ষ করে তাঁদের কিংবদন্তি শিল্পীর গান বারবার শোনার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ঐক্য ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই প্রত্যেক ভারতীয়ের লক্ষ্য হওয়া উচিত। ভাষা, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় ভিন্নতা থাকলেও উন্নত ভারত গড়ার সংকল্প সবার এক। কিন্তু যারা দেশের সাফল্যে আনন্দিত হতে পারেন না এবং অশান্তি সৃষ্টি করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেন, তাঁদের কাছে এসব বিষয়ের কোনও গুরুত্ব নেই। প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশে বলেন, ‘এ ধরনের অসন্তুষ্ট আত্মীয়দের ভূপেনদার গান বারবার শোনা উচিত। হয়তো তাতে তাঁদের শুভবুদ্ধির উদয় হবে।’

অসমের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বড়ো সম্প্রদায়ের শিল্পীদের বাগুরুম্বা নৃত্য এবং চা-বাগানের শিল্পীদের প্রাণবন্ত ঝুমুর পরিবেশনা সমগ্র বিশ্বের সামনে অসমের সাংস্কৃতিক শক্তিকে তুলে ধরেছে। এই পরিবেশনাগুলির মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিভা ও ঐতিহ্য আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করেছে। এদিনও অসমের বিভিন্ন জেলার শিল্পীরা দিল্লিতে তাঁদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সেই ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্যের পরিচয় দিয়েছেন।
উল্লেখ্য, অসম সরকার ড. ভূপেন হাজৰিকার স্মৃতিতে প্রথমবারের মতো ‘ড. ভূপেন হাজৰিকা জাতীয় পুরস্কার’ প্রবর্তন করেছে। এই পুরস্কারের প্রথম প্রাপক হিসেবে বিশিষ্ট সংগীতশিল্পী ঊষা মঙ্গেশকরকে সম্মানিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভূপেন হাজৰিকার সাংস্কৃতিক যাত্রা ছিল ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর এক অনন্য দৃষ্টান্ত। অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষায় তাঁর সৃষ্টিশীল অবদান দেশের সাংস্কৃতিক ঐক্যকে আরও সুদৃঢ় করেছে। মাতৃভূমিকে ভালোবাসা এবং ভারতমাতাকে হৃদয়ে ধারণ করা যে একই চেতনার দুটি দিক, তা ভূপেন হাজৰিকা তাঁর কর্মের মধ্য দিয়ে প্রমাণ করে গিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে অসমের এই মহান সন্তানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। এজন্য অসমবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি ঢলা ও সদিয়ার মধ্যে নির্মিত সেতুটির নাম ‘ড. ভূপেন হাজৰিকা সেতু’ রাখার বিষয়টিও কিংবদন্তি শিল্পীর প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার প্রতীক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।



