বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : শ্রমিকবিরোধী শ্রম আইন বা লেবার কোড বাতিল, সরকারি সংস্থার বেসরকারিকরণ বন্ধ, পুরোনো পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২৬ হাজার টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে এআইইউটিইউসির আহ্বানে রবিবার গুয়াহাটির বিষ্ণু-নির্মলা ভবনে এক রাজ্যভিত্তিক শ্রমিক অভিবর্তন অনুষ্ঠিত হয়।
অভিবর্তনে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনিসহ বিভিন্ন সরকারি প্রকল্পের কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, সমস্ত শ্রমিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দৈনিক কাজের সময়সীমা আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানানো হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি রোধের বিষয়টিও গুরুত্ব সহকারে উত্থাপন করা হয়।
অভিবর্তনের উদ্বোধন করেন এআইইউটিইউসি অসম রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক আজহার হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা তথা এসইউসিআই (সি)-র পলিটব্যুরো সদস্য স্বপন ঘোষ। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন এসইউসিআই (সি) অসম রাজ্য কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস। মূল বক্তা ছিলেন এআইইউটিইউসি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও অফিস সম্পাদক দীপক দেব। এছাড়া আইডিবিআই ব্যাংক ইউনিয়নের শ্রমিক নেতা করুণাকান্ত কলিতাও বক্তব্য রাখেন।

অভিবর্তনে সভাপতিত্ব করেন এআইইউটিইউসি অসম রাজ্য কমিটির সভাপতি অজিত আচার্য। রাজ্য সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য মূল প্রস্তাব উত্থাপন করেন। উপস্থিত প্রতিনিধিদের আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে এসআইআর (SIR) বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, অসমে নদীভাঙন সমস্যার বৈজ্ঞানিক ও স্থায়ী সমাধান, আইডিবিআই ব্যাংকের বেসরকারিকরণ বন্ধ এবং আগামী ৩ ডিসেম্বরের ব্যাংক ধর্মঘট সফল করার আহ্বান। গুয়াহাটি ছাড়াও অসমের ১১টি জেলার প্রতিনিধিরা এই রাজ্যভিত্তিক শ্রমিক অভিবর্তনে অংশগ্রহণ করে



