বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : নিখোঁজ ব্যবসায়ী পবন (পূর্ণিয়া) জৈনের ক্ষতবিক্ষত দেহ অপর এক ব্যবসায়ী ধনঞ্জয় সাহুর বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢকুয়াখানার বালিগাঁওয়ে। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। ঢকুয়াখানা শহরের প্রতিষ্ঠিত পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘প্রকাশ ক্লথ স্টোর’-এর অন্যতম মালিক পবন জৈন একজন নম্র ও অমায়িক স্বভাবের ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ পবন জৈন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সাইকেলে করে বালিগাঁওস্থিত বাসভবনে দুপুরের খাবারের জন্য রওনা হন। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অভিযোগ অনুযায়ী, বাড়ি যাওয়ার পথে ধনঞ্জয় সাহু পূর্বপরিকল্পিতভাবে জৈনকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান এবং সেখানে তাঁকে হত্যা করেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢকুয়াখানা সদর থানার পেছনে এবং পবন জৈনের বাসভবনের কাছে অবস্থিত ধনঞ্জয় সাহুর বাড়ির বাথরুম থেকে প্লাস্টিকের বস্তায় ভরা অবস্থায় পুলিশ জৈনের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাটি সামনে আনে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত ধনঞ্জয় সাহুকে গ্রেফতার করেছে। ধনঞ্জয় সাহু ঢকুয়াখানা দৈনিক বাজারের একজন মুদি ব্যবসায়ী। পাশাপাশি, হত্যাকাণ্ড এবং প্রমাণ লোপাটের অভিযোগে তাঁর স্ত্রী ও ছেলেকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

এদিকে, প্রধান অভিযুক্ত ধনঞ্জয় সাহু এই ঘটনায় আরও তিনজন যুবক জড়িত রয়েছে বলে দাবি করেছেন এবং ঘটনার সময় তিনি দোকানে ছিলেন বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।
হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে ঢকুয়াখানা ব্যবসায়ী সমিতি বুধবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য সমগ্র ঢকুয়াখানার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধের ডাক দিয়েছে। এই ধর্মঘট কর্মসূচিতে দৈনিক বাজার ব্যবসায়ী সমিতিও পূর্ণ সমর্থন জানিয়েছে।
অন্যদিকে, মানবতার খাতিরে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে যেন কোনও স্থানীয় আইনজীবী ওকালতি না করেন, তার জন্যও ব্যবসায়ী সমিতি আহ্বান জানিয়েছে।




