শিলচরের পাঁচটি কালীপূজা কমিটিকে পুরস্কৃত করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : সাম্প্রতিক কালীপূজা ২০২৬-এর সার্বিক আয়োজন ও পারফরম্যান্সের ভিত্তিতে শিলচরের পাঁচটি কালীপূজা কমিটিকে পুরস্কৃত করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। রবিবার শিলচরের পেনশনার্স ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী পূজা কমিটিগুলির হাতে স্মারক ট্রফি তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে সুভাষ নগর কলেজ রোড কালীপূজা কমিটি। তাদের হাতে তুলে দেওয়া হয় ‘বিনয় কৃষ্ণ চক্রবর্তী স্মৃতি ট্রফি’, যার দাতা লায়ন বিপ্লব চক্রবর্তী। দ্বিতীয় পুরস্কার লাভ করে শরৎপল্লীর সারদা সংঘ কালীপূজা কমিটি। তাদের প্রদান করা হয় ‘গৌরী পদ আচার্য স্মৃতি ট্রফি’, যার দাতা আশীষ আচার্য। তৃতীয় পুরস্কার অর্জন করে তারাপুর সর্বজনীন কালীপূজা কমিটি (ত্রিবেণী ক্লাব)। তাদের হাতে তুলে দেওয়া হয় ‘উমা লক্ষ্মী পান্ডে স্মৃতি ট্রফি’, যার দাতা বন্দিতা ত্রিবেদী রায়।

এছাড়াও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয় ঘুংগুর কালীবাড়ি কালীপূজা কমিটি (এসএমসি রোড) এবং ২৮ নম্বর পল্লী সর্বজনীন কালীপূজা কমিটিকে। উভয় কমিটিকে প্রদান করা হয় ‘দিলীপ রায় স্মৃতি ট্রফি’, যার দাতা লায়ন পুষ্পাবতী রায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের প্রধান গণেশ নন্দী, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ড. স্বরূপা ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীলাক্ষ ভট্টাচার্য এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত। তাঁদের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন বিপ্লব চক্রবর্তী, লায়ন পুষ্পাবতী রায়, সাহাবুদ্দিন আহমেদ, জয়রাম নুনিয়া, মান্না দত্ত, শেখর ধর প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউয়ের সভাপতি সঞ্জীব রায়। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন লায়ন বন্দিতা ত্রিবেদী রায়।

অনুষ্ঠানে অতিথিরা ক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, কোনও প্রবেশমূল্য ছাড়াই এবং কোনও ক্লাবের নাম আগে থেকে অন্তর্ভুক্ত না করে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বিচার-বিশ্লেষণের মাধ্যমে পুরস্কার প্রদানের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। এর ফলে পূজা আয়োজনের মানোন্নয়নের পাশাপাশি বিভিন্ন পূজা কমিটির মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশও গড়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অন্যদিকে, এই সম্মানজনক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়ে প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত পূজা কমিটির কর্মকর্তারা লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *