মণিপুরে বিএসএফের সেক্টর সদর দপ্তর পরিদর্শন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিংয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং রবিবার সকালে কোইরেঙ্গেই অবস্থিত বিএসএফের মণিপুর সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি সদর দপ্তরে পৌঁছালে বিএসএফের সেক্টর ডিআইজি-সহ পদস্থ আধিকারিক ও জওয়ানরা তাঁকে স্বাগত জানান। এ উপলক্ষে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ক্ষেত্রিগাও কেন্দ্রের বিধায়ক শেখ নুরুল হাসান, লামলাই কেন্দ্রের বিধায়ক খংবন্তবম ইবোমচা, রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এম. ভেটো সিং, আন্তর্জাতিক বক্সার তথা বিশ্বচ্যাম্পিয়ন লায়শ্রম সরিতা দেবী, আইপিএস আধিকারিক আসনা সারাংথেম এবং আন্তর্জাতিক ভারোত্তোলক এন. কুঞ্জরানি দেবী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সফরে নিরাপত্তাকর্মী-সহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বিএসএফের আধিকারিক ও জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি মণিপুরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং জনসেবামূলক কাজে বিএসএফের ভূমিকার প্রশংসা করেন তিনি। পরিদর্শন শেষে সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে মুখ্যমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিএসএফের সেক্টর সদর দপ্তর ত্যাগ করেন। বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের সদর দপ্তরের জনসংযোগ আধিকারিক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *