২৯ নভেম্বর : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে। রুশ বাহিনীর ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। মস্কোর দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিতের ঘটনা বিরল।
শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগারসহ সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেনের দাবি, রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। পাশাপাশি সামারা অঞ্চলের অপরিশোধিত তেল পরিবহণ, সংরক্ষণ ও মিশ্রণকেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোর্তোস্তান অঞ্চলের তেল পাইপলাইন পাম্পিং স্টেশন এলপিডিএস নুরলিনোতেও হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় এসব হামলার তথ্য জানিয়েছে। তবে হামলায় সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে রাশিয়ার Hdfc থেকে এখনও বিস্তারিত নিশ্চিত করা হয়নি।

এদিকে, পালটা হামলা অব্যাহত রেখে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় আঘাত হেনেছে রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
দুই দেশের পালটাপালটি হামলায় জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্রমাগত ক্ষতিগ্রস্ত হওয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।



