শিলচরে নাবালিকা অপহরণ মামলার অভিযুক্ত গ্রেফতার, পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ বজরং দলের

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : প্রায় দু’বছর আগে এক নাবালিকাকে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত ডালিম হোসেনকে অবশেষে গ্রেফতার করেছে তারাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। অভিযুক্তের গ্রেফতারের পর কাছাড় জেলা পুলিশ প্রশাসন এবং তারাপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বজরং দল। শনিবার সংগঠনের সদস্যরা তারাপুর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে পুলিশের ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেন।া

বজরং দলের সদস্যদের অভিযোগ, প্রায় দু’বছর আগে বরখলা থানার অন্তর্গত বালাছড়া এলাকার এক নাবালিকাকে প্রেমের প্রলোভন দেখিয়ে পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অপহরণ করে নিয়ে যায় ডালিম হোসেন। পরবর্তী সময়ে পুলিশ অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছিল। তবে কীভাবে সে জামিনে মুক্তি পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের সদস্যরা।

তাঁদের আরও অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার এক-দু’দিনের মধ্যেই অভিযুক্ত পুনরায় ওই নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরখলা থানায় ফের মামলা দায়ের করা হয়। কিন্তু যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে বজরং দল। সংগঠনের দাবি, পরবর্তীতে ওই নাবালিকা একটি সন্তানের জন্ম দেয়। বর্তমানে তরুণীটি হোমে রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, কাছাড়ের পুলিশ সুপার এবং তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের তৎপরতায় অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে দাবি সংগঠনের সদস্যদের।

অন্যদিকে, অভিযুক্তকে গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভজিৎ দত্ত-সহ আরও দুই থেকে তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *