সুহৃদ প্রকল্পে পাথারকান্দির ৭৮৯ জন হিতাধিকারের হাতে আর্থিক সাহায্যের চেক বিতরণ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : অর্থের অভাবে যাতে কোনও মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় এবং আর্থিক সংকটে অসহায় কোনও রোগী যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই মানবিক লক্ষ্যকে সামনে রেখে পাথারকান্দিতে সুহৃদ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করলেন অসম সরকারের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার পাথারকান্দি বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পের অধীনে ৭৮৯ জন হিতাধিকারের হাতে পৃথকভাবে প্রায় ৪০ লক্ষাধিক টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

শিক্ষার প্রসার এবং দরিদ্র পরিবারের চিকিৎসার সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে সহায়তার পাশাপাশি অসুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসার জন্যও এককালীন অর্থ প্রদান করা হয়। চেক পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপকৃত পরিবারগুলি। তাঁরা এই উদ্যোগের জন্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পাথারকান্দি মণ্ডল সভাপতি, যুব মোর্চার সদস্য-সদস্যা, দলের বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা। বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃত্ব বলেন, আর্থিক সহায়তা শুধু তাৎক্ষণিক সমস্যা দূর করার মাধ্যম নয়, বরং মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলা এবং পিছিয়ে পড়া পরিবারগুলিকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার জন্য তাঁরা শিক্ষার্থীদের পরামর্শ দেন।

বক্তারা জানান, ২০১৬ সালে প্রথমবার পাথারকান্দির বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই কৃষ্ণেন্দু পাল এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে আসছেন। প্রতিবছর প্রায় এক হাজার শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদানের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম দরিদ্র পরিবারগুলিকেও সুহৃদ প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়কের সচিব রতন দাস, রামানুজ চক্রবর্তী, দিলীপ পাল, কুমার নব সিনহা, জেলা পরিষদ সদস্যা বীনারানি সিনহা, ব্লক সভানেত্রী রীনা সিনহা, মণ্ডল প্রভারী প্রমথেশ দে, বিজয় বণিক, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সঞ্জীব দে-সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা।

সুহৃদ প্রকল্পের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ পাথারকান্দির উপকৃত পরিবারগুলির মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *