
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রথম দল হিসেবে জায়গা করে নিল ভাই ভাই এফসি পুনিরমুখ ও নগদীরগ্রাম। শনিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ১-০ গোলে পরাজিত করল ভিক্টোরি ক্লাব কৃষ্ণপুরকে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে ভাই ভাই এফসি। ম্যাচের মাত্র চার মিনিটেই আলজারিওর করা একমাত্র গোলে এগিয়ে যায় দলটি। এরপর গোল শোধ করতে ভিক্টোরি ক্লাব কৃষ্ণপুর একাধিক চেষ্টা চালালেও প্রতিপক্ষের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ভাই ভাই এফসি। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোলদাতা আলজারিও।
ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুকনি ইস্ট জিপির সভাপতি যিষ্ণু রায় এবং কাবুগঞ্জ আলোক কম্পিউটার ও এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের স্বত্বাধিকারী আলোক আহমদ লস্কর।

খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, নসরুল আলম লস্কর ও নিজাম উদ্দিন। আগামীকাল কোনও খেলা অনুষ্ঠিত হবে না। সোমবার শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইয়ংস্টার ক্লাব বাঁশখাল ও ভুবনহিল এফসি। ওই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। উল্লেখ্য, শেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচে বিবাদ সৃষ্টি হলে ফেরা খেলা হবে বলে সূত্রে জানা যায়।



