বাউন্ডারি ওয়াল নির্মাণ ঘিরে সংঘর্ষ, উধারবন্দে ৭৩ বছরের বৃদ্ধার মৃত্যু

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের জেরে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার উধারবন্দ বিধানসভা এলাকার গোঁসাইপুর প্রথম খণ্ডে এই ঘটনা ঘটে। মৃতার নাম শুকুরুন বিবি তালুকদার।

মৃতার ছেলে আইনুল হক তালুকদারের অভিযোগ, বাড়ির বাউন্ডারি ওয়ালের পিলার নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী মইন উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বিবাদ সংঘর্ষের রূপ নেয়। তাঁর দাবি, প্রতিবেশীর মেয়ে চমন বেগম তাঁর মাকে মারধর করেন। ঘটনার পরই তাঁর মায়ের মৃত্যু হয় বলে অভিযোগ।

এ ঘটনায় আইনুল হক নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে দাবি তাঁর। খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের তরফে ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তবে বৃদ্ধার মৃত্যুর সঙ্গে সংঘর্ষের প্রকৃত যোগসূত্র এবং মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *