
২৮ নভেম্বর : এক দিনে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন ও ২৬টি রকেট হামলার দাবি
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে দেশটির সরকারি বাহিনী। গত ২৪ ঘণ্টায় বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুথিদের বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। তাদের দাবি, এই অভিযানে অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন। পাশাপাশি হুথিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) নামে পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রণাঙ্গনে হুথিদের অবস্থান, সমাবেশস্থল, সামরিক শক্তিবৃদ্ধি এবং প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের তীব্র সংঘর্ষ হয়েছে। তাইজ শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চল ছাড়াও আল-দাবাব এবং সাবির রণাঙ্গনে হুথিদের অবস্থান, সমাবেশস্থল ও নতুন করে মোতায়েন করা যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়। এই লড়াইয়ে সরকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রতিরোধযোদ্ধারাও অংশ নেন।
এ ছাড়া মারিব ও আল-জউফ প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, তুর আল-বাহা, আল-মাকাতিরাহ, মুকাইরাস, আল-দালি এবং শাবওয়া অঞ্চলেও সংঘর্ষ ও সামরিক অভিযান চালানো হয়েছে। বিশেষ করে মারিবের মাবিক ও আল-সাওয়ালিহ এলাকায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। কিরশ রণাঙ্গনের তানসুম পাহাড় ও হাওয়ামিরা এলাকাতেও হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
এদিকে, শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়। ইয়েমেনে চলমান সংঘাতের পাশাপাশি সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
অন্যদিকে, শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় একটি ভবনে বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহির বরাত দিয়ে ওই সংবাদমাধ্যম জানায়, নিহতদের অধিকাংশই শিশু। ভবনটিতে আইসক্রিম বিক্রির সঙ্গে যুক্ত কয়েকজন শিশু বসবাস করত বলেও দাবি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আটজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র আল-নুজাইলির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার অভিযানে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন হামলা এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে। হুথিদের সামরিক সক্ষমতা ও রসদ সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। তবে সংঘাতের ফলে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।



