রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের বিরল সুযোগ পেল জিরিবামের পড়ুয়ারা

Spread the news

অপারেশন সদ্ভাবনার অধীনে আসাম রাইফেলসের জাতীয় সংহতি সফর

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল মণিপুরের জিরিবামের পড়ুয়ারা। আসাম রাইফেলসের উদ্যোগে স্পিয়ার কর্পসের তত্ত্বাবধানে অপারেশন সদ্ভাবনার অধীনে আয়োজিত জাতীয় সংহতি সফরে অংশগ্রহণকারী পড়ুয়ারা দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের বিরল সুযোগ লাভ করে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎ তাদের সফরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হয়ে ওঠে।

এই সফরে জিরিবাম হাইস্কুল ও জিরি কলেজের ১৬ জন পড়ুয়ার সঙ্গে দু’জন শিক্ষক প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে পড়ুয়ারা উত্তর-পূর্বাঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পরিচিতি ও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে একটি স্মারক উপহার তুলে দেয়।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর সঙ্গে সরাসরি সাক্ষাতের এই সুযোগ প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের তরুণ পড়ুয়াদের কাছে এক বিরল ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে। এই সাক্ষাৎ তাদের মধ্যে আত্মবিশ্বাস, জাতীয় গর্ব এবং দেশের বৃহত্তর পরিসরের সঙ্গে একাত্মতার অনুভূতি আরও দৃঢ় করেছে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে জাতীয় সংহতি সফরটি পড়ুয়াদের জীবনে এক অবিস্মরণীয় অধ্যায়ে পরিণত হয়েছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের আরও বড় স্বপ্ন দেখতে, উচ্চতর লক্ষ্যে এগিয়ে যেতে এবং দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসম রাইফেলস দেশের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ও সামাজিক দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির চেতনা জোরদার করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *