২৭ নভেম্বর : গুজরাটে জঙ্গি-যোগ সন্দেহে অসমের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ভদোদরা থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা (ATS)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেল এবং ২৩ রাউন্ড তাজা কার্তুজ। ধৃত যুবকের নাম সাহারুল ইসলাম। কী কারণে সে অসম থেকে গুজরাটে এসেছিল, কার কাছ থেকে পেল স্বয়ংক্রিয় রাইফেল, কার হাতেই বা সেই অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

শুক্রবার ভদোদরার জারোদ বাসস্ট্যান্ডের কাছে বিশেষ অভিযান চালায় ATS। সেখান থেকেই জইশের সঙ্গে যোগ থাকার সন্দেহে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। ATS সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধৃতের সঙ্গে জইশের যোগাযোগের প্রকৃত স্বরূপ জানার পাশাপাশি এই ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, সেই দিকটিও তদন্তের আওতায়।




