সাতসকালে পুলিশের অভিযান, এনকাউন্টারে সাইবার প্রতারক প্রতাপের পায়ে গুলি

Spread the news

২৭ নভেম্বর : পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত সাইবার প্রতারক প্রতাপ দাস ওরফে প্যাঁওকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। টানা ৭২ ঘণ্টার তল্লাশি অভিযানের পর শুক্রবার সকালে হিরাপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি। পুলিশের পাল্টা গুলিতে তাঁর ডান পায়ে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাওয়ার পর তাঁকে আটক করে পুলিশ। সাতসকালের এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮টা নাগাদ হিরাপুর থানায় খবর আসে, প্রতাপকে এলাকার একটি বাড়িতে দেখা গিয়েছে। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু হয় বাড়ি বাড়ি তল্লাশি। বন্ধ করে দেওয়া হয় এলাকার বিভিন্ন রাস্তায় যাতায়াত। আশপাশের বাড়ির ছাদ থেকেও নজরদারি চালানো হয়। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের দরজা-জানলা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

প্রায় দু’ঘণ্টা ধরে চলে পুলিশের তল্লাশি অভিযান। একসময় একটি বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন প্রতাপ। পুলিশ বাড়িটি ঘিরে ফেললে বেরিয়ে আসার সময় গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে প্রতাপের ডান পায়ে গুলি লাগে। এরপরই তাঁকে কাবু করে গ্রেফতার করেন পুলিশকর্মীরা।

গুলিবিদ্ধ প্রতাপকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা শুক্লা সামন্ত জানান, শুক্রবার সকালে বিপুল সংখ্যক পুলিশকর্মীর উপস্থিতি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান তাঁরা। তাঁর দাবি, বুধবার রাতেও এলাকায় বিশাল পুলিশ বাহিনী টহল দিয়েছিল।

উল্লেখ্য, প্রতাপের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাইবার অপরাধের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ স্ত্রীকে দেখতে হিরাপুরের বাড়িতে এসেছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযোগ, পুলিশ বাড়িটি ঘিরে ফেলতেই প্রতাপ দু’-তিন রাউন্ড গুলি চালিয়ে বাড়ির পিছনের পাঁচিল টপকে পালিয়ে যান। যদিও ওই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি। তাঁর ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি দেওয়ালে লাগে।

এরপর থেকেই প্রতাপের সন্ধানে টানা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার সকালে হিরাপুরে অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *