শক্তিশালী বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৯ লক্ষের বেশি গ্রাহক বিদ্যুৎহীন

Spread the news

২৭ নভেম্বর : শক্তিশালী ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও যোগাযোগব্যবস্থা। প্রবল বৃষ্টি, বন্যা, তুষারপাত ও ঝোড়ো হাওয়ায় বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সড়ক, রেল ও বিমান চলাচলেও দেখা দিয়েছে ব্যাপক বিঘ্ন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ৯ লক্ষের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। শুক্রবার রয়টার্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উৎসবের দিন প্রতিকূল আবহাওয়ার কারণে দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে।

ঝড়ের প্রভাব পড়েছে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেডেও। তীব্র বাতাসে বিশাল বেলুন ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। প্রায় ১০০ বছরের ইতিহাসে এই প্রথম আবহাওয়াজনিত কারণে প্যারেড পিছিয়ে দেওয়ার ঘটনা ঘটল। আগামী শনিবার অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউ জার্সির আটলান্টিক সিটিতে বন্যার পানি কমতে শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিচু এলাকায় কোথাও কোথাও ২ থেকে ৩ ফুট পর্যন্ত পানি জমে যায়। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি পানিতে আটকে পড়া যানবাহন থেকে মানুষকে উদ্ধারে ১৪টির বেশি অভিযান চালানো হয়।

ভার্জিনিয়ার নরফোক শহরে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩৯ জনকে উদ্ধার করেন। পয়োসন শহরেও একটি বাড়িতে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও মিসৌরি। মিসৌরিতে ভারী তুষারপাতে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত তুষার জমেছে। মেমফিসে প্রায় সাত দশকের মধ্যে প্রথমবার থ্যাংকসগিভিং দিবসে তুষারপাত হয়েছে।

এদিকে নিউইয়র্কের লাগার্ডিয়া ও নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরে বিমান ও যাত্রী পরিবহন ব্যবস্থায় বিধিনিষেধ আরোপ করা হয়। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে উচ্চ জোয়ার ও উত্তাল ঢেউয়ের কারণে আমট্রাকের প্যাসিফিক সার্ফলাইনার রুটেও কয়েকটি ট্রেন বাতিল হয়েছে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, তুষারপাত ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রবিবার ছুটির পর যাত্রীদের ব্যাপক যাতায়াতের সময় আবহাওয়ার কারণে যোগাযোগব্যবস্থা আরও চাপে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *