শ্রীকোণায় ২৭ ডিসেম্বর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম-মহামহোৎসব, বিশেষ আকর্ষণ কলকাতার ফকিরা ব্যান্ড

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : শ্রীকোণায় এবার বিশেষ আকর্ষণ হতে চলেছে কলকাতার জনপ্রিয় ফকিরা ব্যান্ডের সংগীতানুষ্ঠান। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্ম-মহামহোৎসব উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান। এই মহোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, আগামী ২৭ ডিসেম্বর, রবিবার শ্রীকোণা আইটিআই ফুটবল খেলার মাঠে, সচিবালয়ের পাশে অনুষ্ঠিত হবে এই জন্ম-মহামহোৎসব। পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ, বাণী ও আধ্যাত্মিক দর্শনকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের মহোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ কলকাতার জনপ্রিয় ফকিরা ব্যান্ডের বিশেষ সঙ্গীত পরিবেশনা। ভক্তিমূলক সংগীত ও আধ্যাত্মিক আবহে এই পরিবেশনা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা।

মহোৎসব উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের প্রত্যাশা, ভক্ত ও অনুরাগীদের ব্যাপক সমাগমে এদিন শ্রীকোণা পরিণত হবে এক বৃহৎ আধ্যাত্মিক মিলনক্ষেত্রে। অনুষ্ঠানকে সুষ্ঠু ও সফল করে তুলতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি চলছে জোরকদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *