চান্দখিরা রেলস্টেশনে মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : টিউশনে যাওয়ার পথে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারাল ১৬ বছরের এক কিশোর। বৃহস্পতিবার সকালে চান্দখিরা রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চন্দন গোয়ালা নামে ওই ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে চান্দখিরা নতুন টিলা-সহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মৃত চন্দন গোয়ালার বাড়ি চান্দখিরা নতুন টিলা গ্রামে। তার বাবা রামজনম গোয়ালা পেশায় একজন কৃষক। চন্দন এসপি রায় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়ায় তাকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ও প্রত্যাশা ছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টা নাগাদ প্রতিদিনের মতো টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল চন্দন। পথে চান্দখিরা রেলস্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ধাক্কায় গুরুতর দুর্ঘটনার শিকার হয় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

চন্দনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসী। যে বয়সে পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেই বয়সেই মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল তার প্রাণ।

এদিকে, চন্দনের বাবা একজন সাধারণ কৃষক। পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত অসচ্ছল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের একমাত্র আশার ভরসাকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। এই পরিস্থিতিতে শোকসন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। পাশাপাশি পরিবারটিকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য তাঁর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *