২৬ নভেম্বর : উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে তা ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও মোতায়েনের সক্ষমতা আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বুধবার পারমাণবিক উপাদান উৎপাদন এবং অস্ত্র গবেষণার সঙ্গে যুক্ত একাধিক স্থাপনা পরিদর্শন করেন কিম। তবে পরিদর্শন করা স্থাপনাগুলির অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পরিদর্শনকালে কিম বলেন, দেশের পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। এ ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে তিনি উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেন। পাশাপাশি জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও মোতায়েনের পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে উত্তর কোরিয়া তাদের সংবিধানে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান অন্তর্ভুক্ত করে। পিয়ংইয়ংয়ের দাবি, দেশের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে পারমাণবিক অস্ত্রের অধিকার অপরিহার্য। যদিও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ আন্তর্জাতিক মহলের একাধিক দেশ।



