বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর: তৃতীয়বারের মতো এবার সোনাইয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করছে ‘খোঁজ শিলচর’ সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। এবার প্রতিযোগিতাটি কল্যাণকুমার চক্রবর্তী স্মৃতিতে আয়োজন করা হয়েছে। আগামী ২৮ ও ২৯ নভেম্বর দু’দিনব্যাপী গ্রামীণ দাবা প্রতিযোগিতার এই আসরটি জুনিয়র ও সিনিয়র—দু’টি বিভাগে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুভাগ্য চেস অ্যাকাডেমি, সোনাই। খেলার স্থান নির্ধারণ করা হয়েছে সোনাই ক্লাব। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে প্রতিযোগিতা শুরু হবে।
দাবা খেলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ৯৩৬৫১০৮২৮৫ ও ৯৭০৬৬২৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।




