২৫ নভেম্বর : কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান, প্রথম সিদ্ধান্তে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় নির্মাণ ও পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য একটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ক্রেন, বুলডোজারের মতো বৃহৎ যন্ত্রপাতি এবং সেগুলির বিভিন্ন যন্ত্রাংশ ও সাব-সিস্টেম দেশে উৎপাদনে উৎসাহ দেওয়া হবে।
দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, তামিলনাড়ুর কামরাজর বন্দরে দ্বিতীয় কনটেনার টার্মিনাল গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অসমের শিলচরের কাছে ডলুতে একটি নতুন বিমানবন্দর স্থাপনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্তকে বরাক উপত্যকার যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া ডাক বিভাগের বিষয়ে আরও দু’টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ডাক বিভাগের পরিচালন সংক্রান্ত প্রকল্প (পোস্টাল অপারেশনস স্কিম) এবং সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (অ্যাসেট ম্যানেজমেন্ট স্কিম) মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এদিনের মন্ত্রিসভার বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।



