শিলচর পুরনিগমের এমপাওয়ারমেন্ট স্ট্যান্ডিং কমিটিতে সাত কাউন্সিলর, গঠিত ২৫টি উপসমিতি

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শিলচর পুরনিগমের নবগঠিত পরিষদের প্রথম বৈঠক মঙ্গলবার পুরনিগমের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে শহরের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন সাতজন কাউন্সিলরকে নিয়ে গঠন করা হয় এমপাওয়ারমেন্ট স্ট্যান্ডিং কমিটি। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কাজ পরিচালনা ও তদারকির জন্য মোট ২৫টি উপসমিতি গঠনের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এমপাওয়ারমেন্ট স্ট্যান্ডিং কমিটিতে স্থান পেয়েছেন দীপক দাস, কুলদীপ চৌধুরী, অভিষেক চক্রবর্তী, সন্ধ্যা দাস, অনুশ্রী দেব ভট্টাচার্য, সুষ্মিতা পুরকায়স্থ এবং পুলক দাস। এদিন কমিটির প্রত্যেক সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন শিলচরের মেয়র অমরেন্দ্র পাল, ডেপুটি মেয়র বিজেন্দ্র প্রসাদ সিং, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডা. রাজদীপ রায় এবং পুরনিগমের কমিশনার তথা আইএএস আধিকারিক অঙ্কুর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত পরিষদের সকল কাউন্সিলর।

এদিনের বৈঠকে অনুমোদিত ২৫টি উপসমিতির মধ্যে রয়েছে অর্থ, যানবাহন, বাজার পরিচালনা, শ্মশানঘাট, পথবাতি, পার্কের উন্নয়ন, সংস্কৃতি, স্ট্রিট ভেন্ডর, মিউটেশন, পানীয় জল সরবরাহ, স্বচ্ছ ভারত অভিযান, রাজস্ব বৃদ্ধি, উচ্ছেদ ও ক্রীড়া সংক্রান্ত উপসমিতি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ।

বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেয়র ও ডেপুটি মেয়র জানান, পরিষদের সকল সদস্যের সম্মিলিত উদ্যোগ, দায়িত্ববোধ ও নিষ্ঠার মাধ্যমে শহরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতি আনা হবে। নাগরিকদের প্রত্যাশা পূরণ এবং শহরের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করার ওপর তাঁরা গুরুত্ব আরোপ করেন।

মেয়র অমরেন্দ্র পাল বলেন, সকল কাউন্সিলরের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিলচরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। নাগরিক পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি শহরের সার্বিক উন্নয়নে প্রত্যেক জনপ্রতিনিধিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *