দিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে, ধৃত দুই মহিলা সহ ৩

Spread the news

২৫ নভেম্বর : পূর্ব দিল্লির একটি ক্যাফেতে এক যুবতীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই মহিলা-সহ মোট তিনজনকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

জানা গিয়েছে, অভিযোগকারিণী যুবতী এবং অভিযুক্তরা সকলেই একটি ক্যাফের কর্মী। সোমবার রাতে ক্যাফে-তে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ওই যুবতী। রাত সাড়ে এগারোটা নাগাদ ক্যাফে বন্ধ হয়ে গেলেও দলটি সেখানেই থেকে যায় এবং মদ্যপান ও নাচগান চালিয়ে যেতে থাকে। কারও কাছে ক্যাফের চাবি থাকায় তারা ভেতরে অবস্থান করার সুযোগ পায়। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ তারা ক্যাফে ছাড়ে।

তরুণীর অভিযোগ অনুযায়ী, পার্টির সময় দুই ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে এবং দলের বাকি সদস্যরা ওই দুই অভিযুক্তকে সাহায্য করে। ঘটনাটি ঘিরে কর্মক্ষেত্রে সহকর্মীদের ভূমিকা ও রাতভর ক্যাফেতে অবস্থানের বিষয়টি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ এই ঘটনায় চারজন পুরুষ এবং দুইজন মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছে। ইতিমধ্যেই তিনজন অভিযুক্তকে হেপাজতে নেওয়া হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান জারি রয়েছে। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তথ্য খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *