২৫ নভেম্বর : বিশ্বসুন্দরীর মঞ্চে ফের এক নতুন ইতিহাস। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার মুকুট জিতে নিলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে আয়োজিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বোশ। অন্যদিকে, ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৯ বছরের কাজিয়া লিজ মেজো সেরা ৩০-এ জায়গা করে নিলেও শেষ পর্যন্ত সেরা ১২-তে পৌঁছতে পারলেন না। ফলে এবছরও অধরা থেকে গেল ভারতের মিস ইউনিভার্স খেতাব জয়ের স্বপ্ন।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের নজর কাড়েন জেনিফার। শেষ পর্যন্ত তাঁর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং চূড়ান্ত প্রশ্নের উত্তরে মুগ্ধ হন বিচারকরা। ফাইনালে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান বিশ্বে নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি কী প্রয়োজন? উত্তরে জেনিফার বলেন, বিশ্বের প্রয়োজন সহমর্মিতাপূর্ণ নেতৃত্ব। এমন নেতৃত্ব, যেখানে অন্যের মতামতকে সম্মান করা হবে, মানুষের সমস্যাকে গুরুত্ব দেওয়া হবে এবং নিজের মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকা হবে। তাঁর এই উত্তরই চূড়ান্ত পর্বে বিশেষ প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানার-আপের শিরোপা পেয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ। ফাইনালের সেরা পাঁচে জায়গা করে নিয়েছিল ফিলিপিন্স, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডমিনিকান রিপাবলিক এবং পুয়ের্তো রিকো। ৭৫তম বর্ষের বিশেষ এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় সান জুয়ানের জোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে।

উল্লেখ্য, জেনিফারের এই জয় পুয়ের্তো রিকোর কাছেও অত্যন্ত গর্বের। কারণ, এর মাধ্যমে ষষ্ঠবারের জন্য মিস ইউনিভার্সের মুকুট এল এই দ্বীপরাষ্ট্রে। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-দেউ, ১৯৯৩ সালে দয়ানারা টরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন। এবারের জয় আরও বিশেষ, কারণ জেনিফার একজন বিবাহিত মহিলা এবং সাত বছরের কন্যাসন্তানের মা। মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়মে পরিবর্তনের পর কোনও মা হিসেবে তাঁর এই জয় নতুন ইতিহাস তৈরি করল। পেশাগতভাবে তিনি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত।



