করিমগঞ্জ জেলা নদওয়া ও যুব নদওয়ার বার্ষিক সম্মেলন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : কর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হল উত্তর-পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের অধীনস্থ করিমগঞ্জ জেলা নদওয়া ও জেলা যুব নদওয়ার বার্ষিক কর্মী সম্মেলন। মঙ্গলবার আছিমগঞ্জ আঞ্চলিকের হাটকলা মোকাম মসজিদে আয়োজিত এই সম্মেলনে জেলার ৩৪টি আঞ্চলিক থেকে বিপুলসংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ৯টায়। এতে সভাপতিত্ব করেন আছিমগঞ্জ আঞ্চলিক নদওয়ার সভাপতি মাওলানা সামস উদ্দিন। পরে সকাল সাড়ে ১০টায় জেলা নদওয়ার সভাপতি মুফতি আব্দুল বাসিত আল-কাসিমীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মওলানা এটিএম জাকারিয়া কাসিমি ও জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন।

সম্মেলনে জেলার ৩৪টি আঞ্চলিকের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিভিন্ন এলাকার সভাপতি, সম্পাদক, যুব নদওয়ার সম্পাদক, কাজিয়ে শরিয়ত ও মক্তব পরিদর্শকরা নিজ নিজ এলাকার কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। পাশাপাশি সাংগঠনিক সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। মাঠপর্যায়ের সমস্যার সমাধানে দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা নদওয়ার উপদেষ্টা মাওলানা আসহাব।

প্রধান অতিথি উত্তর-পূর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলী তাঁর বক্তব্যে বলেন, হযরত শায়খ বদরপুরী মওলানা আব্দুল জলিল চৌধুরী নদওয়া প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য মানুষকে দ্বীনের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তমান কর্মীদের। কর্মীদের ব্যাপক উপস্থিতি ও যুবসমাজের মধ্যে সংগঠনের প্রতি ক্রমবর্ধমান আগ্রহে তিনি সন্তোষ প্রকাশ করেন। ঐক্য, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দ্বীনি দাওয়াত, শিক্ষা এবং সামাজিক কল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নায়েবে আমিরে শরিয়ত মওলানা বদরুল হক এমনি এবং কেন্দ্রীয় মূলক্কিন মওলানা জিয়াউদ্দিন আত্মশুদ্ধি, আধ্যাত্মিকতা, নৈতিক চরিত্র গঠন ও দ্বীনি জীবনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও কেন্দ্রীয় সম্পাদক মওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, ড. ফজলুর রহমান লস্কর, মওলানা ওসামা মবরুর চৌধুরী, মওলানা আসহাব উদ্দিন, মওলানা নঈম উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

সম্মেলনে জেলা নদওয়া ও যুব নদওয়ার বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে মওলানা এটিএম জাকারিয়া কাসিমী ও মওলানা জসিম উদ্দিন। তাঁরা বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি নদওয়া পরিচালিত আল-জামিয়া মাদ্রাসার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
দ্বীনি শিক্ষা বিস্তার, সমাজসেবা, নৈতিক মূল্যবোধের প্রসার এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।



