কুশিয়ারায় ভেসে ওঠে নিখোঁজ বিএসএফ জওয়ানের দেহ, উদ্ধার

Spread the news

মোহাম্মদ জনি ও শমীন্দ্র পাল, শ্রীভূমি ও কাটিগড়ার।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শ্রীভূমির দেওপুর এলাকায় কুশিয়ারা নদী থেকে উদ্ধার হল নিখোঁজ বিএসএফ জওয়ান কে. ভেনুর (৩২) মৃতদেহ। বুধবার সকাল প্রায় ৮টা ২০ মিনিটে শ্রীভূমি জেলার স্টিমারঘাট সংলগ্ন নদীতে তাঁর দেহ উদ্ধার করা হয়। বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের ডিআইজি এহসান শাহেদি এই খবর নিশ্চিত করেছেন।

কে. ভেনু তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। তিনি কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর বর্ডার আউটপোস্টে কনস্টেবল (জিডি) পদে কর্মরত ছিলেন।

এ দিন সকালে শ্রীভূমি শহর সংলগ্ন ভারত-বাংলা সীমান্তবর্তী দেওপুর এলাকায় কুশিয়ারা নদীর জলে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে উঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিএসএফের কমান্ড্যান্ট এবং শ্রীভূমি পুলিশের ডিএসপি মানস প্রতীম চৌধুরী। তাঁদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত সোমবার ভোরে হরিনগর সীমান্ত এলাকায় গবাদি পশু পাচারের সন্দেহে চার-পাঁচজনকে আটক করতে গিয়ে নদীতে নিখোঁজ হন তিনি। বিএসএফের দুই জওয়ান হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কে. ভেনু সন্দেহভাজনদের ধাওয়া করে বরাক নদীতে ঝাঁপ দেন। জিতেন্দ্র যাদব সাঁতরে ফিরে আসতে সক্ষম হলেও ভেনুর কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর এসডিআরএফ, এনডিআরএফ, নদী পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে বুধবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

ডিআইজি এহসান শাহেদি জানান, প্রাথমিকভাবে মৃতদেহে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

বিএসএফ সূত্রে জানা গেছে, মৃত জওয়ানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁর মরদেহ বিমানে করে তেলেঙ্গানায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে।

জওয়ান নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বলে জল্পনা তৈরি হলেও বিএসএফ জানিয়েছিল, এ বিষয়ে বিজিবির কাছ থেকে কোনও ইতিবাচক তথ্য পাওয়া যায়নি। ভুয়ো খবর ছিল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *