দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : শিলচরের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় প্রবীণ গ্রাহকের ৫ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাঙ্কের অভ্যন্তরে পাসবই আপডেট করতে গিয়ে টাকা হারানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী বিনয় নাগ। তাঁর অভিযোগ, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার আবেদন জানানো হলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।

বিনয় নাগের বয়ান অনুযায়ী, গত ১৩ নভেম্বর তিনি চেকের মাধ্যমে সংশ্লিষ্ট শাখা থেকে ৫ হাজার টাকা তোলেন। এরপর সেই টাকা সঙ্গে নিয়েই পাসবই আপডেট করার লাইনে দাঁড়ান। কিন্তু পাসবুক আপডেট করার পর তিনি লক্ষ্য করেন, তাঁর সঙ্গে থাকা ৫ হাজার টাকা আর নেই।

বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই শাখা ম্যানেজারের দ্বারস্থ হন তিনি। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আবেদন জানান। অভিযোগ, প্রথমে তাঁকে লিখিত আবেদন জমা দিতে বলা হয়। সেই অনুযায়ী আবেদন জমা দেওয়ার দু’দিন পর ব্যাঙ্কে গেলে তাঁকে আরও এক সপ্তাহ পর আসতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের পর ফের ব্যাঙ্কে গিয়ে তিনি জানতে পারেন, শাখার সিসিটিভি ক্যামেরা বিকল রয়েছে।
তবে এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।



