বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : কোকরাঝাড়ের সিনিয়র পুলিশ সুপার অক্ষত গর্গের উদ্যোগে আয়োজিত নৈশ পার্টিতে অঘটন। আমন্ত্রিত ডিআইজি ওয়াই টি গেটসুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এসপি অক্ষত গর্গ। একপর্যায়ে দু’জনের মধ্যে শুরু হয় তুমুল হাতাহাতি। এই ঘটনায় আহত হয়েছেন এসপি অক্ষত গর্গ।
জানা গেছে, কোকরাঝাড়ের চরাইখোলা ব্যাটেলিয়নে এই নৈশ পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টি চলাকালীন দুই আইপিএস আধিকারিকের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে সেই বিবাদ হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।

ঘটনার খবর রাতেই পৌঁছায় অসম পুলিশের সদর দফতরে। পরিস্থিতি সামাল দিতে এবং দুই আধিকারিকের মধ্যে সমঝোতা করাতে আইপিএস আধিকারিক সুরেন্দ্র কুমারকে পাঠানো হয় বলে জানা গেছে।

দুই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনাকে ঘিরে পুলিশ মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।



