বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : নয় বছরের এক নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতনের গুরুতর অভিযোগের তদন্তে কর্তব্যে গাফিলতি ও নিষ্ক্রিয়তার অভিযোগে সাসপেন্ড করা হল পুলিশ আধিকারিক অনন্ত সিনহাকে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সোমবার তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেন।

ঘটনাকে কেন্দ্র করে সোমবার একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পাশাপাশি, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তোলা হয়। পরিবারের অভিযোগ এবং তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি বিবেচনা করেই এই বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

নয় বছরের এক শিশুর উপর বারবার যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগের তদন্তে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসনিক মহলে বিষয়টি গুরুত্ব পেয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং নির্যাতিতার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি উঠেছে।



