মাতা সংঘ ক্লাবের উদ্যোগে পালংঘাট ব্লক লেভেল স্পট মিটের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ। 
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং নেশামুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী পালংঘাট ব্লক লেভেল স্পট মিটের ক্রীড়া প্রতিযোগিতা রবিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। মেরা যুবা ভারত (মাই ভারত), কাছাড় জেলার ব্যবস্থাপনায় এবং পালংঘাট মাতা সংঘ ক্লাবের সহযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়

পালংঘাট সিসিজেসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ‘নেশামুক্ত যুবা, বিকশিত ভারত’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৫ থেকে ২৯ বছর বয়সি যুবক-যুবতীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ছেলেদের ফুটবল, মেয়েদের কবাডি এবং ১০০ মিটার দৌড় অন্তর্ভুক্ত ছিল। রবিবার বিভিন্ন বিভাগের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার কোষাধ্যক্ষ কৃষ্ণজীবন দেবনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত গড়ার স্বপ্ন এবং নেশামুক্ত যুবসমাজ গঠনের ভাবনাকে সামনে রেখেই মাই ভারত কাছাড় জেলা ও মাতা সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যুবসমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি সুস্থ ও নেশামুক্ত সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, রবিবার অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতা সংঘ ক্লাবের সভাপতি জিষ্ণু ভট্টাচার্য, সম্পাদক রাজীব দে, অজয়কৃষ্ণ দেব, রুকনি ওয়েস্ট জিপির সভাপতি অনুপ নাথ, ক্লাব সদস্য শাহিনুর আহমদ, রজত দে, গোবিন্দ দেব, বিমল দাস ও রিয়াজুল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি অমিত শর্মা, বিশিষ্ট নাগরিক পীযূষকান্তি দে, শম্ভু ভূষণ দেব-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, যুবসমাজের মধ্যে ক্রীড়া সংস্কৃতির প্রসার, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং নেশার কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ নির্মাণের লক্ষ্যেই এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *